1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সদরপুরে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে এমপি শহিদুল ইসলাম বাবুলের ইফতার ও মতবিনিময় সভা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার (০৬ মার্চ ২০২৬) বিকেলে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

সভায় প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের পেশাগত সমস্যা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোল্লা এবং আহ্বায়ক কাজী রাউফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ শাওন এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন,

“শিক্ষকরা হচ্ছেন জাতি গঠনের প্রকৃত কারিগর। তাদের হাত ধরেই গড়ে ওঠে আগামী দিনের যোগ্য, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক। একটি শিক্ষিত ও উন্নত জাতি গঠনে শিক্ষক সমাজের অবদান অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে আধুনিক, মানবিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। তিনি শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া ও সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু কাজী, মোল্লা তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকল শিক্ষক, অতিথি ও আমন্ত্রিতদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের এক সুন্দর মিলনমেলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট