
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিপুরের সদরপুর উপজেলায় টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।
কর্মশালায় কৃষকদের মাঝে রাসায়নিক কীটনাশকের ক্ষতিকর দিক তুলে ধরা হয় এবং পরিবেশবান্ধব বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব, পাশাপাশি মাটির উর্বরতা ও জীববৈচিত্র্য রক্ষা করা যায়। এতে করে মানুষের স্বাস্থ্যঝুঁকিও কমে আসে।
বিশিষ্ট ব্যবসায়ী মো: পান্জু মোল্ল্যার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএসএম মো: আক্তারুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন , টিএসও সুব্রত কুমার পাল (ফরিদপুর ১), টিএসও মো: নূর আলম (ফরিদপুর), পিডিএস মো: রহিজুল ইসলাম, এসডিসি প্রতিনিধি মো: মেহেদী হাসানসহ প্রায় ১৫ জন রিটেইলার এবং ৫৫ জন কৃষক।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করা হয়।