
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, চারদিকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে আরও শক্তিশালী করার জন্য কাজ করতে হবে।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্রের চেষ্টা অব্যাহত রয়েছে। তাই ব্যক্তিগত প্রত্যাশা বা না পাওয়ার হতাশা প্রকাশ না করে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অন্যতম দায়ী মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর দেশীয় ও আন্তর্জাতিক আশ্রয়ে কীভাবে অবস্থান করতে পেরেছিলেন, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুম জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনা করা হয়।