1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সদরপুরে শিশু শাহাদাৎ হত্যা: প্রধান অভিযুক্তসহ তিনজন গ্রেপ্তার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর কাশবন থেকে উদ্ধার হওয়া শিশু শাহাদাৎ বেপারী (৮) হত্যা মামলার প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত প্রায় ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা থেকে মামলার প্রধান অভিযুক্ত মো. ইয়াছিন (১৯)কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে আরও দুই সহযোগী—মো. মিন্টু মিয়া (৩০) ও নাজমুল হক মুন্সী (১৯)কে আটক করা হয়।

গ্রেপ্তার তিনজনই মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন শিশু শাহাদাৎকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে। তবে হত্যার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার (২৬ জুন) সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবারসংলগ্ন ট্রলারঘাট এলাকায় আশুরা উপলক্ষে আয়োজিত মেলায় পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় শাহাদাৎ। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান না পেয়ে সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের তিন দিন পর সোমবার (২৯ জুন) দুপুরে অভিযুক্ত ইয়াছিন মোবাইল ফোনে শাহাদাতের বোনকে কাশবনে মরদেহ পড়ে থাকার তথ্য দেয় বলে পুলিশ জানিয়েছে। পরে খবর পেয়ে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মুন্সীরচর এলাকার একটি কাশবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, মামলার প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত হত্যার দায় স্বীকার করেছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট