
ফরিদপুরের সদরপুরে চলন্ত ইজিবাইকের ধাক্কায় ফারদিন নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কারীরহাট-মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারদিন সদরপুর উপজেলার মধু মন্ডলের ডাঙ্গী (কারীরহাট) এলাকার বাচ্চু মাতুব্বরের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারীরহাট থেকে সদরপুরের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। এ সময় মধু মন্ডলের ডাঙ্গী এলাকায় সড়ক পার হওয়ার সময় ফারদিনকে ইজিবাইকটি ধাক্কা দেয়। এতে সে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনায় ফারদিনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইকের ধাক্কায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।