
শওকত হোসেন খান,সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সদরপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল গণজমায়েত ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল।
গণজমায়েত ও মিছিলের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “বিএনপিকে বারবার ধ্বংস করতে চেয়েছে, কিন্তু ধ্বংসস্তূপের মধ্য থেকেই বিএনপি আবারও কোটি কোটি মানুষের দলে পরিণত হয়েছে।”
তিনি বলেন, “আমরা কখনো পালাইনি। মানুষের টাকা লুট করিনি। আমরা বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছি। ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য লড়াই করছি। আমাদের নেতা তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।”
পরে গণজমায়েত শেষে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেপারী বাড়ির মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কেএম আবু সাঈদ সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সদরপুরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে গণজমায়েতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সদরপুর উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দলটি বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে সক্রিয় রয়েছে।