
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলার শহরের পাশের একটি রাস্তা ব্যক্তিগত খরচে মেরামত করেন স্পেন বিএনপি সহ-সভাপতি ও সমাজসেবক ইউনুছ আলী প্রামাণিক। এতে সার্বিক সহযোগিতা করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
জানা গেছে, চরভদ্রাসন বাজারের পাশের ব্যস্ততম সড়কটি ভারী যানবাহন চলাচলের ফলে ক্ষতিগ্রস্ত হয়। এতে জনসাধারণের চলাচলের অসুবিধা সৃষ্টি হলে ইউনুছ আলী প্রামাণিকের নজরে আসে। এসময় তিনি এমপি শহিদুল ইসলাম বাবুলের সাথে পরামর্শ করে ব্যক্তিগত অর্থায়নে সড়কটি মেরামতের উদ্যোগ নেন। এতে আনুমানিক ৮০ হাজার টাকা খরচ হয়েছে।
এ বিষয়ে স্পেন বিএনপির সহ-সভাপতি ইউনুছ আলী প্রামাণিক বলেন, আমার এলাকায় একটি সড়ক ভারী যানবাহন চলাচলের ফলে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি আমার নজরে এলে আমাদের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের সাথে পরামর্শ করি। ভাইয়ের নির্দেশনা মোতাবেক রাস্তার সংস্কার করা হয়েছে। আশা করি এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ উপকৃত হবে।