
রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব শিগগিরই রাজধানীতে সক্রিয় চাঁদাবাজদের একটি তালিকা চূড়ান্ত করে তাদের আইনের আওতায় আনা হবে। অস্ত্রধারী ও দাগি আসামিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে অতীতের মতো তাবেদারি নয়, বরং জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা। বর্তমান প্রশাসনের কার্যক্রমকে আগের সরকারের সঙ্গে তুলনা না করে নিজস্ব কর্মদক্ষতার ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জানান তিনি। ব্যক্তিকেন্দ্রিক পুলিশিং চলবে না, আইন অনুযায়ীই পুলিশ কাজ করবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
প্রশাসনিক শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, চেইন অব কমান্ড মেনেই কাজ করতে হবে। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচিত হবে।
রাজধানীর যানজট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ডিএমপিকে প্রয়োজনীয় পরিকল্পনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।