
মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছয়টি গন্তব্যে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মামগামী সব ফ্লাইট বন্ধ থাকবে।
বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত ছয়টি রুট ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্য—জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট—এ ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে।
যেসব যাত্রী স্থগিত রুটগুলোর জন্য আগে থেকেই টিকিট কেটেছেন, তারা অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই টিকিট ফেরত নিতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। দেশে বা বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের বিমানের কলসেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নম্বর: ১৩৬৩৬ এবং আন্তর্জাতিক নম্বর: +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬।
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় হালনাগাদ তথ্য দ্রুত জানানো হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।