
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। সোমবার (২ মার্চ) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবাইকে শান্ত থাকার পাশাপাশি গুজব এড়িয়ে চলতে হবে। সৌদি আরবের স্থানীয় আইন মেনে চলার ওপর জোর দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো:
৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং)
৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং)
৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা)
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সচেতনতার স্বার্থে দূতাবাসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।